বাংলার জঙ্গলে ফিরছে রয়্যাল বেঙ্গল! বাঘ ছাড়ার পরিকল্পনায় বড় ইঙ্গিত মন্ত্রীর
পশ্চিমবঙ্গের উপযুক্ত বনাঞ্চলগুলিতে পুনরায় বাঘ ছাড়ার সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কলকাতায় জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) ১১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই ইঙ্গিত দেন। জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখাই এই উদ্যোগের মূল কারণ বলে তিনি জানান।
রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের সাফল্যের উদাহরণ টেনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বৈজ্ঞানিক পরিকল্পনা ও যথাযথ নজরদারির মাধ্যমে বাঘ পুনর্বাসন সম্ভব। এর আগে ২০০৮ সালে সেখানে কোনো বাঘ না থাকলেও বর্তমানে সেই সংখ্যা ৫৬। একইভাবে বিশেষজ্ঞদের পরামর্শ ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে পশ্চিমবঙ্গের উপযুক্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে। তবে কোনো নির্দিষ্ট এলাকায় হুট করে বাঘ ছাড়া হবে না, বরং ওই এলাকার পরিবেশগত সক্ষমতা ও বৈজ্ঞানিক তথ্য যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স-এর মাধ্যমে ভারত বাঘ সংরক্ষণে নিজেদের অঙ্গীকারবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করেছে।