প্রধানমন্ত্রীর প্রশংসায় তোপের মুখে আর. মাধবন, নেটপাড়ায় জুটল ‘মেরুদণ্ডহীন’ তকমা!
**প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা এক পুরনো মন্তব্য ঘিরে বিতর্কের মুখে অভিনেতা আর মাধবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে প্রধানমন্ত্রীর কাজের ধরন ও কর্মতৎপরতার প্রশংসা করতে দেখা গেছে। ভিডিওতে মাধবনকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব কম ঘুমান এবং দিনের অধিকাংশ সময় কেবল দেশের উন্নয়ন নিয়েই ভাবেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ তাঁকে তীব্র কটাক্ষের নিশানায় নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে গিয়ে একাংশ মাধবনকে ‘তোষামোদকারী’ ও ‘মেরুদণ্ডহীন’ বলে অভিহিত করেছেন। সমালোচকদের মতে, একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে রাজনৈতিক নেতার বিষয়ে এমন মন্তব্য করা থেকে তাঁর বিরত থাকা উচিত ছিল। তবে এই বিতর্কের মাঝে অনেকেই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, গণতান্ত্রিক দেশে প্রতিটি নাগরিকের নিজস্ব মতামত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অভিনেতা সুনীল শেট্টিও অনুরূপ মন্তব্যের জেরে সমালোচনার শিকার হয়েছিলেন।