মাঝরাতে খোলা হলো বড়মা মন্দির! পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাঝরাতে নৈহাটি বড়মা মন্দির খুলিয়ে জন্মদিন পালনের গুরুতর অভিযোগ তুলেছেন মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। রবিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাপস ভট্টাচার্য দাবি করেন, সাংসদের ক্ষমতার দাপটে নির্ধারিত সময়ের পরে মন্দির খুলতে বাধ্য হয়েছিলেন তারা। একইসঙ্গে, নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও মন্দির কমিটির প্রাক্তন সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মন্দিরের কাজে হস্তক্ষেপ এবং অঙ্গুলিহেলনে সংগঠন চালানোর অভিযোগ এনেছেন তিনি। এই বিষয়ে প্রয়োজনে থানায় যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সম্পাদক।
অন্যদিকে, মন্দিরের প্রণামী বাক্স চুরি এবং সোনা-গয়না গলানোর বিতর্কিত বিষয়গুলো স্বীকার করে নিয়েছেন তাপস ভট্টাচার্য। তবে নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেছেন। প্রকাশিত অডিট ও ভ্যালুয়েশনের হিসাবের সত্যতা দাবি করে তাঁর পাল্টা অভিযোগ, পুরনো কমিটির কিছু সদস্য এবং ব্যবসায়ীরা ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।