ত্রিপুরায় ভয়াবহ বন্যা, ঘরছাড়া হাজার হাজার মানুষ!
টানা ভারী বর্ষণে ত্রিপুরার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজ্যের ঊনকোটি, খোয়াই এবং ঢলাই জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টি ও বন্যায় চার হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বর্তমানে তাদের বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং এখন পর্যন্ত মোট ৮০টি ত্রাণশিবির খোলা হয়েছে। এর মধ্যে ঊনকোটিতে ৩৫টি, খোয়াইয়ে ২৪টি এবং ঢলাই জেলায় ২০টি শিবির রয়েছে। দুর্যোগ মোকাবিলা দফতরের শীর্ষকর্তা সনৎকুমার দাস জানিয়েছেন, প্লাবিত এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও খোয়াইয়ের বিভিন্ন এলাকায় ধস নামার ঘটনা ঘটেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে। মনু নদীর জলস্তর সম্প্রতি কিছুটা কমলেও ভারী বৃষ্টির কারণে আগে তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।