৩ কোটির দুর্নীতি! প্রাক্তন ডিসিপি শান্তনুর সিন্ডিকেটের পর্দাফাঁস করল ইডি
কলকাতা: জমি দখল ও আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ১১৪ পাতার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, প্রাক্তন এই পুলিশকর্তা অন্তত ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই মামলায় ইতিমধ্যেই ২৬ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। গত মে মাসে সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত চালাতে গিয়ে শান্তনু সিনহা বিশ্বাসের বিপুল সম্পত্তির হদিশ পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইডির অভিযোগ, শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ, নির্মাণ সংস্থা ও দুষ্কৃতীদের নিয়ে একটি সুসংগঠিত সিন্ডিকেট পরিচালনা করতেন, যার ছত্রছায়ায় জমি দখল ও বেআইনি কারবার চলত। তদন্তে তাঁর আয়ের সঙ্গে ব্যয়ের ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে। এছাড়া, কলকাতার পাশাপাশি শান্তিনিকেতনে তাঁর রিয়েল এস্টেট ব্যবসার প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত তদন্তে কোনো সহযোগিতা করছেন না। ইডির ধারণা, এই ৩ কোটি টাকা দুর্নীতির একটি ছোট অংশমাত্র এবং প্রকৃত অঙ্কটি আরও অনেক বেশি হতে পারে। বেআইনি অর্থের উৎস ও গন্তব্য খুঁজে বের করতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে।