‘ডিম-বিক্ষোভ’ কি এখন নতুন রাজনৈতিক অস্ত্র!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া ও বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মহুয়া মৈত্রসহ একাধিক হেভিওয়েট নেতা এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেও বিক্ষোভকারীরা ডিম ছুড়ে ‘চোর’ স্লোগান দিয়েছে। সূত্র অনুযায়ী, নির্বাচনের পর থেকে রাজ্যে এ ধরনের শতাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে।
এই ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র চাপানউতোর। বিজেপি নেতা দিলীপ ঘোষ একে সাধারণ মানুষের ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভ ও ‘জনরোষের নতুন রূপ’ বলে মন্তব্য করেছেন। এদিকে, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। আদালত জানতে চেয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে ঠিক কতবার এমন ডিম ছোড়ার ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে কয়টি এফআইআর দায়ের করা হয়েছে।