খাসির মাংস নিয়ে তুলকালাম! বিয়ে বাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২
July 11, 2026
বিয়ের অনুষ্ঠানে খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশনকে কেন্দ্র করে বিহারের সহরসা জেলায় বর ও কনেপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিয়ের অনুষ্ঠান চলার সময় খাবারের মেনু নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, মেনুতে খাসির মাংস থাকার কথা থাকলেও কনেপক্ষ তা সরবরাহ করেনি, যা নিয়ে প্রথমে তীব্র বচসা এবং পরবর্তীতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বরযাত্রীরা খাবার ছুড়ে ফেলে চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করেন। এর জবাবে কনেপক্ষের লোকজন লাঠি ও তরোয়াল নিয়ে পাল্টা আক্রমণ চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।