মমতা-অভিষেকের বিদেশি টাকা দেশে ফিরছেই, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের!
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে রাজ্য রাজনীতির উত্তাপের মধ্যেই রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং দাবি করেছেন যে, তৃণমূলের অ্যাকাউন্ট ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোও দেশে ফিরিয়ে আনা হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
অন্য একটি প্রসঙ্গে অর্জুন সিং জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যে ‘গুণ্ডা দমন আইন’ কার্যকর করা হবে এবং পশ্চিমবঙ্গসহ সারা দেশেই ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) লাগু করা হবে। রাজ্যে ইউসিসি চালুর লক্ষ্যে ইতিমধ্যেই ৯ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ শীর্ষক খসড়া বিলটির মাধ্যমে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও উইল সংক্রান্ত বিষয়ে সমস্ত ধর্মের মানুষের জন্য একটি অভিন্ন আইনি কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, যা সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদের নির্দেশিকা মেনে কার্যকর করা হচ্ছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।