স্ত্রী জাহ্নবীর সম্পত্তির কাছে হার মানলেন প্রশান্ত কিশোর!
বিহারের পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন সুরাজ পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। মনোনয়নপত্র দাখিলের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, প্রশান্ত কিশোর এবং তাঁর স্ত্রী ডঃ জাহ্নবী দাসের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। এর মধ্যে প্রশান্ত কিশোরের নিজস্ব সম্পত্তির পরিমাণ ৯৬.০৬ কোটি টাকা এবং তাঁর স্ত্রী ডঃ জাহ্নবী দাসের সম্পত্তির পরিমাণ ১০১.৯৩ কোটি টাকা।
প্রশান্ত কিশোরের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২.১৯ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ ৭৩.৮৭ কোটি টাকা। তাঁর আয়ের প্রধান উৎস কর্পোরেট ইক্যুইটি, যার মধ্যে ‘বেধাস ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড’-এ তাঁর শতভাগ শেয়ার রয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রীর ৮৯.৫১ কোটি টাকার অস্থাবর ও ১২.৪২ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়াও হলফনামায় প্রশান্ত কিশোর উল্লেখ করেছেন যে, তাঁর বিরুদ্ধে বর্তমানে আটটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে সরকারি কাজে বাধা, দাঙ্গা ছড়ানো ও মানহানির মতো অভিযোগ অন্তর্ভুক্ত। তবে কোনো মামলাতেই তিনি এখনো দোষী সাব্যস্ত হননি।