জমির দলিল থাকলেই কি আপনি ভারতীয়? নাগরিকত্ব নিয়ে হাইকোর্টের রায়ে তোলপাড়!
ভারতে জমি বা সম্পত্তি থাকলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক হয়ে যান না বলে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র জমির দলিল বা সম্পত্তির নথিপত্র নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না। একজন বিদেশি নাগরিকও ভারতে সম্পত্তি কিনতে পারেন, তাই সম্পত্তির মালিকানা আর নাগরিকত্ব কখনোই এক বিষয় নয়।
নাসির মোল্লা নামে এক ব্যক্তির নাগরিকত্ব সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দেয় আদালত। গত জুন মাসে তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটকের পর বর্তমানে তিনি একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন। অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে তিনি ভারতীয় নাগরিক, তবে শুনানিতে তার আইনজীবী নাগরিকত্বের স্বপক্ষে কোনো শক্তিশালী প্রমাণ না দেখিয়ে বারবার কেবল জমির দলিলের ওপর নির্ভর করেছেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্তকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে নাগরিকত্বের অকাট্য প্রমাণ দাখিল করার শেষ সুযোগ দিয়েছে। অকাট্য প্রমাণ দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হাইকোর্ট।