SIR-এ নাম নেই মানেই কি বাতিল রেশন? সুপ্রিম কোর্টের নির্দেশে বড় শোরগোল!
পশ্চিমবঙ্গে ভুয়ো রেশন কার্ড বাতিলের অভিযানে ভোটার তালিকা বা এসআইআর (SIR) থেকে নাম বাদ পড়লেই কাউকেই বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে, রেশন জনকল্যাণমূলক একটি অত্যাবশ্যকীয় সুবিধা, যা ভোটার তালিকা সংশোধনের সাথে যুক্ত করে কেড়ে নেওয়া আইনত সমর্থনযোগ্য নয়। গত ৪ জুন রাজ্য খাদ্য দফতরের নির্দেশিকার প্রেক্ষিতে দায়ের করা এক মামলার শুনানি শেষে আদালত এই পর্যবেক্ষণ দেয়।
আদালত আরও জানিয়েছে, এসআইআর বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয়। নির্বাচন কমিশনের কাজ শুধুমাত্র ভোটার তালিকা নিয়ন্ত্রণ করা, কাউকে নাগরিকত্ব দেওয়া বা কেড়ে নেওয়ার এখতিয়ার কমিশনের নেই। শীর্ষ আদালতের এই বার্তার পর এখন রাজ্য সরকার তাদের বর্তমান নির্দেশিকা নিয়ে কোনো পুনর্মূল্যায়ন করে কি না, সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।