বিনামূল্যে রেশন পেতে নতুন নিয়ম! কারা পাবেন, কী কী নথি লাগবে? জেনে নিন আবেদনের পদ্ধতি
দেশের আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া পরিবারের সহায়তায় কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় প্রায় ৮০ কোটি মানুষ নিয়মিত বিনামূল্যে রেশন সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হয়। মূলত অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও প্রায়োরিটি হাউসহোল্ড (PHH) কার্ডধারীরা এই সুবিধা পাওয়ার যোগ্য। এ ক্ষেত্রে অন্ত্যোদয় কার্ডধারীরা পরিবার প্রতি মাসে ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীরা সদস্য প্রতি মাসে ৫ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। যাদের কাছে এই দুই ধরনের রেশন কার্ড নেই, তাদের সুবিধা পাওয়ার জন্য নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে।
অনলাইনে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফলাইনে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি ও সচল মোবাইল নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া, রেশন কার্ড সচল রাখতে এবং বিনামূল্যে রেশনের সুবিধা নিশ্চিত করতে আবেদন প্রক্রিয়ার শেষ ধাপে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করা অত্যন্ত জরুরি। ই-কেওয়াইসি সম্পন্ন না থাকলে রেশন কার্ড সক্রিয় হবে না এবং সংশ্লিষ্ট পরিবার সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।