মেমারিতে নাবালিকাকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন, গ্রেফতার ২!
পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় এক নাবালিকাকে জোরপূর্বক অপহরণের পর নির্মমভাবে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দুজনকে গ্রেপ্তার করেছে এবং বৃহস্পতিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। নির্যাতনের শিকার নাবালিকা বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শৌচালয়ে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি নির্জন স্থানে পৈশাচিক নির্যাতন চালায়। নির্যাতিতা অচৈতন্য হয়ে পড়লে তাকে বাড়ির উঠোনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরিবারের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, প্রায় এক বছর আগে স্থানীয় এক যুবকের সঙ্গে নাবালিকার বিয়ে হলেও তিন মাস পর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে কিছু যুবক তাকে উত্যক্ত করত বলে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) কঠোর ধারায় মামলা রুজু করে ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত কি না এবং পুরনো কোনো ঘটনার সঙ্গে এর যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।