যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছান, ওয়াটার ট্যাক্সিতে কোন রুটে মিলবে এই সুবিধা?
রাজধানী ও শহরতলির ক্রমবর্ধমান যানজট কমাতে এবং সড়কপথের ওপর যাত্রীদের চাপ কমাতে রাজ্যে চালু হতে চলেছে জলপথে ওয়াটার ট্যাক্সি পরিষেবা। শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কে একটি অনুষ্ঠানে রাজ্যের পরিবহণমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং বাবুঘাট থেকে মেটিয়াবুরুজ—এই দুটি রুটে প্রকল্পটি কার্যকর করা হবে। কেরলের কোচীর সাফল্যের পর কেন্দ্রীয় পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে দূরপাল্লার ভেসেল বা জলযান চালানোর পরিকল্পনাও রয়েছে।
পরিবেশবান্ধব ব্যাটারিচালিত ও ইলেকট্রিক হাইব্রিড এই জলযানগুলো নির্দিষ্ট জেটি থেকে নিয়মিত চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে এতে স্মার্ট কার্ড এবং কিউআর কোড ভিত্তিক ডিজিটাল টিকিট ব্যবস্থা থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গঙ্গা নদীকে কেন্দ্র করে এই নতুন গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠলে শহরের যানজট অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের জন্য যাতায়াতের একটি দ্রুত ও শক্তিশালী বিকল্প তৈরি হবে।