হাসপাতালে চিকিৎসাধীন সোনম ওয়াংচুক, দ্রুত আরোগ্যের কামনায় প্রধানমন্ত্রী!

দীর্ঘ ২৬ দিন অনশনের পর বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক তাঁর আন্দোলন প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার সরকারি আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন। সোনম ওয়াংচুকের অনশন অবসরের পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে পূর্ণ শারীরিক সুস্থতা লাভের আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ করতে এবং প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে খুব দ্রুত সংসদে নতুন বিল আনার পরিকল্পনা রয়েছে সরকারের, যার মাধ্যমে কঠোর আইন প্রণয়ন ও ফাস্ট-ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখা হবে। এদিকে, ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অব্যহত রয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁদের প্রতিবাদ কর্মসূচি চলবে। বিষয়টি নিয়ে শুক্রবার কেন্দ্র ও সিজেপির প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *