পুরসভার নোটিসে বড় পদক্ষেপ, আজই শুনানিতে হাজির হচ্ছেন অভিষেকের বাবা!
কলকাতা পুরসভার পাঠানো নোটিসের প্রেক্ষিতে শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আলিপুরের ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে হাজিরা দিচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। পুরসভা সূত্রে জানা গেছে, তাঁর মালিকানাধীন বা সংশ্লিষ্ট বিভিন্ন সম্পত্তির নির্মাণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিয়ে তাঁকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত অনুমোদিত বিল্ডিং প্ল্যান বা নকশার বাইরে কোনো অতিরিক্ত নির্মাণ বা বিধিবহির্ভূত কোনো কাজ (ডিভিয়েশন) হয়েছে কি না, তা যাচাই করতেই এই তলব করা হয়েছে। বিল্ডিং বিধির সঙ্গে বাস্তবের নির্মাণে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার পরই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে কলকাতা পুরসভা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পাশাপাশি, কলকাতা পুরসভাও এই নির্দিষ্ট মামলা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।