অভিষেকের বাবার পর এবার ইডি তলব মদন মিত্রের স্ত্রীকে, অস্বস্তিতে তৃণমূল!

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পরিবারের সদস্যদের ঘিরে দুটি পৃথক ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র, অন্যদিকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার দুটি বাড়ি সংক্রান্ত নথি তলব করেছে কলকাতা পৌরসভা।

পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অংশ হিসেবে শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছান অর্চনা মিত্র। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে শুভরূপ মিত্র। এর আগে এই মামলায় মদন মিত্রের দুই ছেলেও কেন্দ্রীয় সংস্থার দপ্তরে হাজিরা দিয়েছেন। তিটাগড় পৌরসভায় চাকরি দুর্নীতির অভিযোগের সূত্র ধরেই মদন মিত্রের পরিবারের ওপর নজরদারি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৯ জুলাই মদন মিত্রকেও তলব করা হয়েছে।

পাশাপাশি, কালীঘাট এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন দুটি বাড়ি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পৌরসভা। বাড়ি দুটি অনুমোদিত নকশা মেনে তৈরি কি না বা কোনো অতিরিক্ত নির্মাণ রয়েছে কি না, তা যাচাই করার স্বার্থে অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তাঁকে শুক্রবার আলিপুরে পৌরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে প্রয়োজনীয় মূল নথিপত্রসহ হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে পৌরসভার কর্মীরা বাড়িগুলো পরিদর্শন করে পরিমাপও করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *