কলকাতার বস্তিতে এবার আধুনিক চিকিৎসা, আসছে ১০০টি মোবাইল মেডিক্যাল ভ্যান!
কলকাতার ঘিঞ্জি ও বস্তি এলাকার বাসিন্দাদের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ১০০টি নতুন মোবাইল মেডিক্যাল ভ্যান বা চলন্ত হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সির (SUDA) মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা।
এই নতুন চলন্ত হাসপাতালগুলোতে সেমি-অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি এবং পোর্টেবল হ্যান্ড-হেল্ড এক্স-রে মেশিনের মতো অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকবে। এছাড়া এসব ভ্যানে হিমোগ্লোবিন, রক্তে শর্করার মাত্রা ও ম্যালেরিয়া শনাক্তকরণসহ প্রায় ৩৫ ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা এবং প্রসূতিদের জন্য বিশেষ আল্ট্রাসোনোগ্রাফির সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, টেলি-মেডিসিনের মাধ্যমে সাধারণ মানুষ চলন্ত হাসপাতালেই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। স্বাস্থ্য দপ্তরের আশা, এই উদ্যোগের ফলে কলকাতার শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হবে এবং দরিদ্র মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।