৪০ দিন রিসর্টে আটকে ‘সেবাশ্রয়’, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক এফআইআর!

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায় এবং বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। পৈলানের এক রিসর্টের প্রতিনিধি সমীরণ রায় বিষ্ণুপুর থানায় এই অভিযোগ করেছেন। অভিযোগকারীর দাবি, সেবাশ্রয় স্বাস্থ্যশিবির আয়োজনের জন্য প্রায় ৪০ দিন রিসর্টটি জোর করে বন্ধ রাখা হয় এবং ১১০ থেকে ১২০ জন চিকিৎসক ও কর্মীর থাকা-খাওয়ার খরচ রিসর্ট কর্তৃপক্ষকে বহন করতে বাধ্য করা হয়। পর্যটন মরসুমে রিসর্ট আটকে রাখায় ২০২৫ ও ২০২৬ সালে তাঁদের ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিধায়ক দিলীপ মণ্ডল ও সুমিত রায় রিসর্টের মালিককে চাপ সৃষ্টি করেন এবং টাকা না দিলে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেন। প্রভাবশালী মহলের ভয়ে এতদিন অভিযোগকারীরা মুখ খুলতে পারেননি বলে দাবি করেছেন। বর্তমান পরিস্থিতিতে সাহস সঞ্চয় করে পুলিশের দ্বারস্থ হওয়ার পর, পুলিশ তোলাবাজি এবং দুর্নীতিদমন আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অন্যদিকে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *