মুখ্যমন্ত্রীর নাতনি বলেই কি আইন নিজের হাতে? এসবিআই ম্যানেজারকে চড় মেরে বিতর্কে করুণানিধির নাতনি!

তামিলনাড়ুর চেন্নাইয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) এক শাখা ম্যানেজারকে প্রকাশ্যে চড় মারার অভিযোগে মামলা দায়ের হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতনি কয়ালভিঝির বিরুদ্ধে। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমকে আলাগিরির মেয়ে এবং বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ভাইঝি। ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এই ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় চেন্নাই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় কয়ালভিঝির বিরুদ্ধে মামলা রুজু করেছে।

ঘটনার সূত্রপাত এসবিআই-এর আদিয়ার শাখার অকেজো লিফট মেরামতকে কেন্দ্র করে। ভবনটির মালিক কয়ালভিঝি হলেও লিফট ঠিক না করায় ব্যাঙ্ক ম্যানেজার হর্ষিন সিং তাঁকে ফোন করে অভিযোগ জানান। এতে ক্ষিপ্ত হয়ে কয়ালভিঝি গত ২১ জুলাই সশরীরে ব্যাঙ্কে গিয়ে ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক লাঞ্ছনা এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এসবিআই-এর চিফ ম্যানেজার নামাচিভায়াম এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আলোচনার এক পর্যায়ে কয়ালভিঝি চেয়ার থেকে উঠে ম্যানেজারকে সপাটে চড় মারছেন। পুলিশ জানিয়েছে, ২৯৬(বি), ৩২৯(৪), ১১৫(২) এবং ৩৫১(২) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *