সাংবাদিক নিগ্রহে তোলপাড়, ২৪ ঘণ্টার মধ্যে জালে ১১ জন!
প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডের প্রতিবাদে গত শুক্রবার কলকাতায় আয়োজিত মিছিল থেকে হওয়া বিশৃঙ্খলা ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের মধ্যে কোনো শিক্ষার্থী নেই, বরং তারা সকলেই বহিরাগত দুষ্কৃতী বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। ভিনরাজ্যে পালানোর চেষ্টাকালে অণ্ডাল স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে জোড়াসাঁকো, পাটুয়ার বাগান লেন, তিলজলা, বেনিয়াপুকুর, বেক বাগান, কড়েয়া, গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দারা রয়েছেন।
গত শুক্রবার নিট (NEET) পরীক্ষা সংক্রান্ত প্রতিবাদ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়ার অভিযোগ ওঠে, যার ফলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এ সময় কর্মরত সাংবাদিকরা হামলার শিকার হয়ে গুরুতর জখম হন। ঘটনার পর রাজ্যর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে আহত সংবাদকর্মীদের দেখতে গিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ছাত্র আন্দোলনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অশান্তি ছড়ানো হয়েছিল। ধৃতদের জেরা করে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো বড় কোনো মদতদাতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।