রবিবার থেকে বিপদসীমার উপরে বাংলা, জারি হলো ভারী বৃষ্টির লাল সতর্কতা!

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় রাজ্যে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই দিনের মধ্যে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পূবালি বাতাসের গতি বাড়ায় রবিবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হবে বলে জানানো হয়েছে।

রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এই বৃষ্টির পরিমাণ আরও বেড়ে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *