শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও আন্দোলন প্রত্যাহার, কেন্দ্রের সঙ্গে সফল বৈঠকের পর বড় ঘোষণা!
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সরকারের সমঝোতা হওয়ায় প্রত্যাহার করা হলো যন্তর মন্তরের আন্দোলন। শনিবার দুপুরে মন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশ পাওয়ার পরই আন্দোলনকারী ও সিজেপি কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এরপরই পরবর্তী দুই দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে জেপি নাড্ডা আশ্বাস দিয়েছেন যে, আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া দিল্লি পুলিশের সব এফআইআর খতিয়ে দেখা হবে এবং তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এছাড়া নিটকাণ্ডে মৃত শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারের এই আশ্বাসের ভিত্তিতে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের ওপর আস্থা রেখে তারা আপাতত আন্দোলন স্থগিত করছেন এবং চার সপ্তাহ পর পরবর্তী আলোচনায় বসবেন। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যাতে আন্দোলনকে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।