শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার, ছাত্র বিক্ষোভে পুলিশের অতিসক্রিয়তায় এবার সুপ্রিম কোর্টের কড়া বার্তা!
দেশজুড়ে নিট (NEET) পরীক্ষা ও পেপার লিক কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের অতিসক্রিয়তা এবং মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে, শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে আন্দোলন করা ভারতের সংবিধানে প্রদত্ত একটি মৌলিক অধিকার। আইনশৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ বা বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আদালত মন্তব্য করেছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ পুলিশি জুলুমের প্রতিটি অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে, দেশজুড়ে এ ধরনের ছাত্র আন্দোলন সামাল দেওয়ার জন্য একটি অভিন্ন পুলিশ প্রোটোকল বা নির্দিষ্ট নির্দেশিকা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। আদালত উল্লেখ করেছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও শিক্ষার্থী—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে এই সংক্রান্ত সব মামলা একসঙ্গে শুনানি করা হবে।