মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে যুবকদের তীব্র প্রতিবাদ, নজরে নেশার রাজত্ব!

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে মাদক ব্যবসার অভিযোগ যুবকদের, কর্মসংস্থানের দাবিতে তৎপর অন্য এক যুবক

সোমবার জলপাইগুড়ি সফরকালে শহরের রাজবাড়ি পাড়া এলাকায় এলাকার ক্রমবর্ধমান মাদক ব্যবসা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান স্থানীয় একদল যুবক। মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে যুবকরা বিষয়টি জানালে তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া, ওই যুবকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী তাঁদের একটি বিশেষ জরুরি ফোন নম্বর দেন এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ডের খবর সরাসরি তাঁকে জানাতে বলেন। এ সময় তিনি অভিযোগকারী যুবকদের পড়াশোনার বিষয়েও খোঁজখবর নেন।

একই দিনে, জেলাশাসকের দপ্তরের সামনে কর্মসংস্থানের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের দিকে ছুটে গিয়ে নিজের সমস্যার কথা জানানোর চেষ্টা করেন মনোজিৎ রায় নামে এক যুবক। তিস্তাপাড়ের সারদাপল্লির বাসিন্দা ওই যুবক জানান, তিনি সিভিল ডিফেন্সের কর্মী হিসেবে তিস্তা চেকপোস্টে কর্মরত ছিলেন। কিন্তু চেকপোস্টটি তুলে দেওয়ায় তিনিসহ ছয়জন যুবক বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। তবে নিরাপত্তার কারণে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দেখা করতে পারেননি। ওই যুবক জানান, কর্মসংস্থানের দাবিতে প্রয়োজনে তিনি কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের সমস্যার কথা জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *