বিজেপির স্তাবক ঋতব্রত! কল্যাণের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি
বিধানসভা নির্বাচনের পর বাংলার শাসকদলের অন্দরের সংঘাত এখন জাতীয় রাজনীতিতে রূপ নিয়েছে। ‘আসল’ তৃণমূল কংগ্রেসের দাবিকে কেন্দ্র করে কালীঘাট বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিবাদ নির্বাচন কমিশনে গড়িয়েছে। এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী রাজধানী দিল্লিতে একটি স্থায়ী দলীয় কার্যালয় খুলতে চলেছে। দিল্লির কনট প্লেস এলাকায় এই কার্যালয়ের জায়গা চূড়ান্ত হয়েছে এবং অন্দরসজ্জার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগেই এর উদ্বোধন হতে পারে।
রিষতব্রত শিবিরের নতুন গঠিত জাতীয় কর্মসমিতির চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, দিল্লিতে স্বতন্ত্র পার্টি অফিস নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং শীঘ্রই উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। উল্লেখ্য, বিধানসভা ভোটের পর মমতার সিদ্ধান্তের বিরোধিতা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়কদের একটি অংশ আলাদা হয়ে সমান্তরাল সংগঠন গড়ে তুলেছে। অন্যদিকে, কালীঘাটপন্থী মূলস্রোতের নেতৃত্ব এই পদক্ষেপকে গুরুত্ব দিচ্ছে না। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই শিবিরকে ‘ভুয়ো’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন। দল ও প্রতীকের আইনি লড়াইয়ের পাশাপাশি রাজধানীর মাটিতেও এখন এই সংঘাত তীব্র হয়েছে।