উত্তর কলকাতায় উত্তাল পরিস্থিতি, তৃণমূল সাংসদকে নিয়ে চাঞ্চল্যকর পোস্টার!
উত্তর কলকাতার বিভিন্ন ব্যস্ত এলাকায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আপত্তিকর পোস্টার ঘিরে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। লেবুতলা, তালতলা বাস স্টপ, বঙ্গবাসী কলেজ, এজেসি বোস কলেজ ও ক্রিক রো-সহ বিভিন্ন স্থানে সাঁটানো ওই পোস্টারে সাংসদকে নিয়ে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে। পোস্টারে ‘বেইমান আর চোর টা, নয়না দিদির বরটা’ লেখার পাশাপাশি প্রচারক হিসেবে বিজেপি নেতা তাপস রায় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম উল্লেখ করা হয়েছে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই দুই নেতার দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্য থাকায় পোস্টারটি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তবে পোস্টারে নাম থাকলেও এর সঙ্গে নিজেদের কোনো যোগসূত্র থাকার কথা সরাসরি অস্বীকার করেছেন তাপস রায় ও কুণাল ঘোষ। তাপস রায়ের দাবি, এই পোস্টারের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, কুণাল ঘোষ জানান যে ওই পোস্টারের সঙ্গে তিনি যুক্ত নন, তবে তিনি ওই পোস্টারে ব্যবহৃত মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। পুরো ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।