হরিণঘাটা শিল্পপার্কে ১২.৮৬ কোটির ভুতুড়ে ক্ষতি, ক্যাগ রিপোর্টে তোলপাড়!
নদিয়ার হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফ্লিপকার্টের লজিস্টিক শাখা ‘ইনস্টাকার্ট সার্ভিসেস’-কে জমি বরাদ্দ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ১২ কোটি ৮৬ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)। ২০২৪ সালের পাবলিক সেক্টর আন্ডারটেকিংস সংক্রান্ত প্রতিবেদনে ক্যাগ জানিয়েছে, জমির ভিত্তি মূল্য নির্ধারণের সময় শিল্পোন্নয়ন নিগমের নিজস্ব নির্দেশিকা লঙ্ঘন করায় এই বিশাল আর্থিক ক্ষতির সৃষ্টি হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, শুধুমাত্র শিল্পে ব্যবহারযোগ্য জমির ওপর ভিত্তি করে দাম ধার্য করার কথা থাকলেও, প্রকল্প এলাকার ভেতরে থাকা বিশাল আকারের জলাশয়গুলোকেও হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছিল।
২০১৭ সালে রাজ্য মন্ত্রিসভা হরিণঘাটা শিল্পপার্কের জন্য ৩৫৮ দশমিক ১৯ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেয়, যার জন্য বরাদ্দ করা হয়েছিল ২০১ কোটি টাকারও বেশি। পরবর্তী সময়ে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সহযোগী প্রতিষ্ঠান ‘ইনস্টাকার্ট সার্ভিসেসে’-এর কাছে ১০৯ দশমিক ১২ একর জমি ৯৯ বছরের লিজ চুক্তিতে দেওয়া হয়। ক্যাগের হিসাব অনুযায়ী, সংশ্লিষ্ট ৩৫৮ দশমিক ১৯ একর জমির মধ্যে ৫৫ দশমিক ৮৯ একর হলো জলাশয়, যা শিল্পের জন্য ব্যবহারযোগ্য নয়। প্রকৃত বরাদ্দযোগ্য জমির ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করলে প্রতি একরের দাম ৭৫ লক্ষ ২৩ হাজার টাকা হওয়ার কথা ছিল, কিন্তু তা ৬৩ লক্ষ ৪৯ হাজার টাকায় নির্ধারণ করা হয়। রাজ্যের পক্ষ থেকে এই সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিলেও ক্যাগ সরকারের তা প্রত্যাখ্যান করেছে।