ভুয়ো ডাক্তারের চরম কারবার! রোগী সেজে অভিযানেই ফাঁস গর্ভপাত চক্র
গুরগাঁওয়ের ঘাটা গ্রামের বানজারা মার্কেটে একটি অবৈধ গর্ভপাত চক্র চালানোর অভিযোগে কমল মাহাতো নামে এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার স্বাস্থ্য দপ্তরের বিশেষ ডিকয় অপারেশনের মাধ্যমে তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। দ্বাদশ শ্রেণি পাশ ওই যুবক কোনো বৈধ ডিগ্রি বা লাইসেন্স ছাড়াই ‘কমল ক্লিনিক’ নাম দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছিলেন।
স্বাস্থ্য দপ্তরের কাছে আসা গোপন খবরের ভিত্তিতে পরিকল্পিতভাবে এক অন্তঃসত্ত্বা মহিলাকে রোগী সাজিয়ে ওই ক্লিনিকে পাঠানো হয়। সেখানে গর্ভপাতের বিনিময়ে টাকা নিয়ে ওই মহিলাকে এমটিপি কিট ও ওষুধ দেওয়ার সময় পুলিশ ও স্বাস্থ্য আধিকারিকরা তাকে আটক করেন। তল্লাশি চালিয়ে ক্লিনিক থেকে বিপুল পরিমাণ অ্যালোপ্যাথি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং এমটিপি কিট উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এমটিপি আইন, ন্যাশনাল মেডিক্যাল কমিশন আইন, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।