ভারতের উত্তর সীমান্তে বড় বিপদ, লাদাখ-অরুণাচলের কাছে চিনের ১১টি যুদ্ধবিমান!
ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশ সীমান্তের কাছে অত্যন্ত গোপনীয়তার সাথে জে-২০ (J-20) ‘মাইটি ড্রাগন’ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। ভ্যান্টর-এর স্যাটেলাইট চিত্রে জিনজিয়াংয়ের হোটান বিমানঘাঁটিতে ৭টি এবং তিব্বতের ডামসুং বিমানঘাঁটিতে ৪টিসহ মোট ১১টি চিনা যুদ্ধবিমানকে সীমান্তবর্তী আকাশসীমার খুব কাছে অবস্থান করতে দেখা গেছে। হোটান বিমানঘাঁটিটি ভারতের দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে মাত্র ২৪৫ কিলোমিটার এবং ডামসুং বিমানঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে মাত্র ৩৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। স্পর্শকাতর এই বিষয়ে ভারতীয় বায়ুসেনা এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
পঞ্চম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমানগুলো শত্রুর রাডারে সহজে ধরা না পড়ার সক্ষমতা রাখে, যা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতের কাছে রাফাল, সুখোই-৩০ এমকেআই, মিরাজ-২০০০ ও মিগ-২৯-এর মতো যুদ্ধবিমান থাকলেও, বর্তমানে কোনো স্টেলথ প্রযুক্তি নেই। এদিকে, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চীনের বহরে ৩০০ থেকে ৫০০টি জে-২০ যুদ্ধবিমান রয়েছে, যা ২০৩০ সালের মধ্যে এক হাজারে পৌঁছাতে পারে। বিপরীতে, ভারতের সুরক্ষায় ৩৬টি রাফালসহ প্রায় ২৬০টির বেশি সুখোই-৩০ এমকেআই এবং অন্যান্য যুদ্ধবিমান রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দ্রুত স্টেলথ বিমান শনাক্তকারী প্রযুক্তি এবং এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন।