চিকিৎসার নামে নারকীয় অত্যাচার! নেশামুক্তি কেন্দ্রে ৭ মাস ধরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বন্ধ কেন্দ্র
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক নেশামুক্তি কেন্দ্রের ভেতরে এক তরুণীকে দীর্ঘ সাত-আট মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে কেন্দ্রের কর্ণধারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তারের পর বিতর্কিত ওই নেশামুক্তি কেন্দ্রটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও মামলার নথিসূত্রে জানা গেছে, অসংলগ্ন জীবনযাপনে অভ্যস্ত ওই তরুণীকে চিকিৎসার জন্য মাসকয়েক আগে ওই কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। নির্যাতিতার অভিযোগ, কেন্দ্রের কর্ণধার নিয়মিত তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দীর্ঘ সময় ধরে শারীরিক ও যৌন নির্যাতন চালিয়েছেন। চলতি মাসে কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর সোমবার রাতে আইনজীবী গৌরব মুখোপাধ্যায়ের সহায়তায় বারাসাত আদালতের মাধ্যমে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এছাড়া ওই কেন্দ্রে অন্যান্য আবাসিকদের ওপরও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।