পরকীয়ার বলি জলশক্তি বিভাগের ইঞ্জিনিয়ার! প্রেমিকের মর্মান্তিক পরিণতিতে তোলপাড়।
হিমাচল প্রদেশের কুল্লুতে জলশক্তি বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার লাভ সিং গুলেরিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে এক নারী চিকিৎসকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫২ বছর বয়সী ওই সরকারি কর্মকর্তার মৃত্যুকে প্রথমে স্বাভাবিক ঘটনা মনে করা হলেও, পুলিশের তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ওই নারী চিকিৎসক, তাঁর স্বামী, শ্বশুর ও দেওর।
তদন্তে জানা গেছে, গত ২৪ জুলাই লাভ সিংকে পানীয় জলের পাইপলাইন পরীক্ষার অজুহাতে নিজের বাড়িতে ডেকে নেন ওই নারী চিকিৎসক। সেখানে অনৈতিক সম্পর্কের সন্দেহে তাঁকে আটকে রেখে অভিযুক্তরা নির্মমভাবে মারধর করেন। আহত অবস্থায় তাঁকে অফিসের কাছে রাস্তায় ফেলে পালিয়ে যান তাঁরা। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বিলাসপুর এইমসে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়। কুল্লুর অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব চৌহানের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) কল ডিটেলস রেকর্ড (CDR) বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শী গৃহপরিচারিকার জবানবন্দির ভিত্তিতে বুধবার সন্ধ্যায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে।