গভীর রাতে মেগা অপারেশন, অস্ত্র ও লক্ষাধিক টাকাসহ ধরা পড়ল ৩ দুষ্কৃতী!
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) যৌথ অভিযানে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ২০ লক্ষ ৬৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিন দুষ্কৃতীরই বাড়ি বিষ্ণুপুর থানার বাখরাহাট এলাকার চকসুকদেব গ্রামে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঘেরাওয়ের মুখে পড়ে ওই তিন দুষ্কৃতী ধরা পড়ে। এত বিপুল পরিমাণ নগদ টাকা এবং অস্ত্রশস্ত্র কেন মজুত করা হয়েছিল এবং এই টাকার উৎস কী, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। কোনো বড় অপরাধমূলক ষড়যন্ত্র বা অস্ত্র ব্যবসার যোগ আছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।