দিল্লির মহিলাদের জন্য সুখবর, প্রতি মাসে অ্যাকাউন্টে আসবে ২৫০০ টাকা!
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য মন্ত্রিসভা ‘দিল্লি লক্ষ্মী যোজনা’ অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী ১ আগস্ট থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং সরকারের লক্ষ্য হলো আসন্ন রাখি পূর্ণিমার মধ্যেই প্রথম কিস্তির অর্থ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। আপাতত তিন বছরের জন্য এই প্রকল্প কার্যকর থাকবে।
তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু কঠোর শর্ত নির্ধারণ করেছে সরকার। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে এবং পরিবারের বার্ষিক বিদ্যুৎ খরচ ২,৪০০ ইউনিটের নিচে থাকতে হবে। যেসব মহিলার তিনটি বা তার বেশি জীবিত সন্তান রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া আয়কর বা জিএসটি দাতা, সরকারি চাকুরিজীবী পরিবারের সদস্য, চার চাকার গাড়ির মালিক এবং অপরাধমূলক রেকর্ড রয়েছে এমন ব্যক্তিরা এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
নির্ধারিত এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো নগদ অর্থ প্রদানের সুযোগ রাখা হয়নি। সুবিধাভোগীরা দুটি বিকল্পের মাধ্যমে এই অর্থ পাবেন— প্রথম বিকল্প অনুযায়ী ১৫০০ টাকা আরডি বা এফডি অ্যাকাউন্টে এবং ১০০০ টাকা ডিজিটাল কারেন্সি ওয়ালেটে জমা হবে। দ্বিতীয় বিকল্প অনুযায়ী পুরো ২৫০০ টাকাই আরডি বা এফডি অ্যাকাউন্টে জমা হবে, যা পরবর্তীতে মেয়াদ শেষে তোলা যাবে। সমীক্ষা অনুযায়ী, শর্তাবলীর কারণে দিল্লির সর্বনিম্ন আয়ের পরিবারের প্রায় ১৫ শতাংশ মহিলা এই প্রকল্পের বাইরে পড়ে যেতে পারেন।