সব্যসাচীর ১৫০ অ্যাকাউন্ট ফ্রিজ, ১৪ কোটির দুর্নীতিতে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
তোলাবাজি ও অসাধু উপায়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে কারারুদ্ধ বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি তাঁর ও ঘনিষ্ঠদের একাধিক আস্তানায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজির মাধ্যমে সংগৃহীত কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো কো ম্পা নির জাল বিছানো হয়েছিল বলে স্পষ্ট জানিয়েছে এজেন্সি। পূর্বে পুলিশের অভিযানে এক ঘনিষ্ঠের বাড়ি থেকে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার হলেও, পরবর্তীতে মামলার আর্থিক লেনদেনের ধারা যুক্ত করে ইডি তদন্তভার গ্রহণ করে।
তদন্তে নেমে সব্যসাচী ও তাঁর সহযোগীদের বাড়ি থেকে সাড়ে ৪০ লক্ষ টাকার নগদ অর্থ, বিপুল বৈদেশিক মুদ্রা, ডিজিটাল ডিভাইস এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের খাতা উদ্ধার করা হয়েছে। কালো টাকা ঘুরপথে বৈধ করার ছক বানচাল করতে অভিযুক্ত ও তাঁর ব্যবসায়িক সহযোগীদের প্রায় ১৫০টি ব্যাঙ্ক ও ডিম্যাট অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে ফ্রিজ করা হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অ্যাকাউন্টগুলিতে থাকা অর্থের পরিমাণ কম করে ১৪ কোটি টাকা। ভুয়ো অ্যাকাউন্টের আড়ালে থাকা আসল মালিকদের চিহ্নিত করতে এবং বাজেয়াপ্ত ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে এই সিন্ডিকেটের শেষ দেখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন আধিকারিকেরা।