আদানির বিরুদ্ধে মামলা খারিজ, মার্কিন আদালতের রায়ে কেন ‘বিশ্বাসের জয়’ বললেন গৌতম?

বার্তা ডেস্কঃ

অবশেষে বড় স্বস্তি পেলেন ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের গৌতম আদানি। তাঁর বিরুদ্ধে ওঠা জালিয়াতি ও ঘুষ লেনদেনের সমস্ত অপরাধমূলক অভিযোগ এক ঝটকায় খারিজ করে দিল আমেরিকার আদালত। মার্কিন বিচার বিভাগ এই মামলার বিচার প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর, ব্রুকলিনের জেলা বিচারক নিকোলাস গারাউফিস প্রসিকিউটরদের আর্জি মঞ্জুর করে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করেছেন। ২০২৪ সালে সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা করার অভিযোগ আনা হয়েছিল আদানির বিরুদ্ধে। তবে শুরু থেকেই আদানি গ্রুপ সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছিল।

মার্কিন বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তা আদালতে জানান, অভিযোগগুলো মূলত আন্তর্জাতিক বিষয় কেন্দ্রিক হওয়ায় প্রমাণ করা কঠিন এবং এটি বর্তমানে তাঁদের প্রধান অগ্রাধিকারের তালিকায় নেই। বিচারক মামলা তুলে নেওয়ার কারণ ও কোনো গোপন চুক্তির বিষয়ে জানতে চাইলে, আদানির পক্ষ থেকে জানানো হয় যে এর নেপথ্যে কোনো গোপন লেনদেন নেই। মামলা থেকে সম্পূর্ণ রেহাই পাওয়ার পর গৌতম আদানি এক্স হ্যান্ডেলে তাঁর প্রতিক্রিয়ায় জানান যে, সত্য, ন্যায়বিচার ও আইনের শাসনের উপর তাঁদের বিশ্বাস অটুট ছিল। আদালতের এই রায়ের ফলে দীর্ঘদিনের আইনি জট কাটিয়ে আদানি গ্রুপ এখন তাদের ব্যবসায়িক মনোযোগ পুনরায় ফিরিয়ে আনার বড় সুযোগ পেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *