আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, প্রমাণ লোপাটের অভিযোগে নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর!

বার্তা ডেস্কঃ

রাজ্যে পালাবদলের পর আরজি কর কাণ্ডের তদন্তে নতুন গতি এসেছে। রবিবার চিকিৎসক-পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জলহাটিতে আয়োজিত স্মরণসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন করে এফআইআর দায়ের করেছেন নির্যাতিতার বাবা। এই লিখিত অভিযোগে অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রমাণ লোপাটের মতো একাধিক গুরুতর ধারা যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত একটি বিশেষ তদন্তকারী কমিটি সম্পূর্ণ নতুন এই মামলাটির তদন্তভার গ্রহণ করে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে।

মূলত ঘটনার দিন তড়িঘড়ি দেহ দাহ করার বিষয়টি ঘিরেই এই নতুন অভিযোগ দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ঘোলা থানার অন্তর্গত নাটাগড় কদমতলা শ্মশানে বেআইনিভাবে দাহকার্যের সিরিয়াল নম্বর তিন থেকে বদলে এক করে দ্রুত সৎকার করা হয়েছিল। এমনকি শ্মশানের নির্ধারিত খরচ বা নিকটাত্মীয়ের বাধ্যতামূলক স্বাক্ষরও নেওয়া হয়নি। এই কাণ্ডে সরাসরি প্রভাবশালী যোগের অভিযোগ তুলে তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। পাশাপাশি, কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই তিন শীর্ষ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *