বেতনহীন ৩০ হাজার শিক্ষক, ক্ষোভে ফুঁসছে গোটা শিক্ষকমহল!
বার্তা ডেস্কঃ
রাজ্যের প্রায় ১৭,৫০০টি শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের (এসএসকে ও এমএসকে) প্রায় ৩০ হাজার শিক্ষাসহায়ক, সম্প্রসারক ও সম্প্রসারিকা সোমবার পার হয়ে গেলেও তাঁদের জুলাই মাসের বেতন পাননি। মাসের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় রাজ্যের হাজার হাজার শিক্ষকের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষ শিক্ষকদের বেতনের সমস্ত ফাইল প্রস্তুত করে রাখলেও শিক্ষা দপ্তর থেকে সময়মতো অর্থ না আসায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, রাজ্য সরকার ইতিপূর্বেই এই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল। কিন্তু এখনও পর্যন্ত তার কোনো আনুষ্ঠানিক সরকারি নির্দেশিকা বা অর্ডার হাতে আসেনি। এর ফলেই মূলত বেতন প্রক্রিয়া আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষক জানান, গত তিন মাস ধরেই বেতনের ক্ষেত্রে নিয়মিত দেরি হচ্ছিল, তবে চলতি মাসে তা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। অবিলম্বে এই জটিলতা কাটিয়ে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।