ডাক্তারি পড়ার নামে প্রতারণা, তরুণীর লক্ষ লক্ষ টাকা খোয়া!
বার্তা ডেস্কঃ
এমবিবিএস কোর্সে ভর্তি করানোর নামে এক তরুণীর কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে একটি বেসরকারি কাউন্সিলিং সংস্থার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের এক অবসরপ্রাপ্ত কর্মীর মেয়েকে ২০২২ সালে একটি নামী মেডিকেল কলেজে ভর্তি করানোর প্রতিশ্রুতি দিয়েছিল যোধপুর গার্ডেনের ওই সংস্থাটি। নিট পাস করার শর্তে এবং ভর্তি না হলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার আশ্বাসে কয়েক দফায় মোট ৩৫ লক্ষ টাকা নেন সংস্থার কর্ণধার। কিন্তু দীর্ঘ এক বছর অপেক্ষা করেও যখন ভর্তির কোনো ব্যবস্থা হয়নি, তখন তরুনীর পরিবার বাধ্য হয়ে টাকা ফেরত চান।
চাপ সৃষ্টির পর সংস্থাটি মাত্র ১০ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি ২৫ লক্ষ টাকা দিতে অস্বীকার করে। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে শেষ পর্যন্ত তরুণী ঘোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যেহেতু অভিযুক্ত সংস্থার মূল কার্যালয় দক্ষিণ কলকাতার লেক এলাকাধীন, তাই মামলাটি জিরো এফআইআরের মাধ্যমে লেক থানায় স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ এবং খুব শীঘ্রই অভিযুক্তকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।