ওবিসি রায় ঘিরে স্তব্ধ শিক্ষক নিয়োগ, দুশ্চিন্তায় চাকরিপ্রার্থীরা!
বার্তা ডেস্কঃ
কলকাতা: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্ট সিলমোহর দেওয়ায় রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক রদবদল শুরু হয়েছে। গত ৭ আগস্ট শীর্ষ আদালতের এই নির্দেশ সামনে আসার পরই সোমবার মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাইয়ের পূর্বনির্ধারিত বিজ্ঞপ্তিটি স্থগিত করে দেয়। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের নথি জমা দেওয়ার কথা ছিল। এই স্থগিতাদেশের বিজ্ঞপ্তির সঙ্গে আদালতের মূল রায়টিও সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, সোমবারই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বাকি থাকা বারোটি বিষয়ের শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার এবং শূন্যপদ প্রকাশের কথা ছিল, যা পর্ষদের এক শীর্ষ আধিকারিকের ঘোষণা অনুযায়ী আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা নির্ধারিত ছিল।
এদিকে নিয়োগ প্রক্রিয়া আচমকা থমকে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন হবু শিক্ষকরা। প্রার্থীর একাংশের জোরালো দাবি, আদালতের পূর্বের নির্দেশ অনুযায়ী ইতিপূর্বে যারা পুরনো নিয়মে সংরক্ষণ সুবিধা পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁদের চাকরি থেকে বঞ্চিত করা সম্ভব নয়। এই প্রার্থীরা সম্পূর্ণ প্রক্রিয়া মেনেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের বৈতরণী পার করে চূড়ান্ত সাফল্যের দেখা পেয়েছেন। ফলে তাঁদের ক্ষেত্রে নতুন করে কোনো নির্দেশ কার্যকরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তবে আইনি জটিলতার জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয় এবং কবে নতুন নির্দেশিকা জারি হয়, এখন সেটাই দেখার বিষয়।