জঙ্গলমহলে ধর্মান্তর রুখতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর!
বার্তা ডেস্কঃ
বাঁকুড়া: জঙ্গলমহলসহ রাজ্যের প্রান্তিক এলাকাগুলিতে বৈদেশিক তহবিলের সাহায্যে চালানো জোরপূর্বক ধর্মান্তরকরণের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় ৭টি জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কড়া বার বার্তা দেন। একই সঙ্গে সরকারের বিগত তিন মাসের কাজের খতিয়ান তুলে ধরে বেশ কিছু বড় নীতিগত সিদ্ধান্ত ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা ঘোষণা করেন তিনি।
বাঁকুড়ার মাটি থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, জঙ্গলমহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া ও আদিবাসী মানুষের সরলতার সুযোগ নিয়ে যে ধর্মান্তরকরণ চলছে, সে বিষয়ে প্রশাসন সম্পূর্ণ ওয়াকিবহাল। এই আন্তর্জাতিক ও স্থানীয় ধর্মান্তর চক্রের বিরুদ্ধে খুব শীঘ্রই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত তিন মাসের বড় পদক্ষেপসমূহ
সাংবাদিক সম্মেলনে তিনি বিগত তিন মাসে নেওয়া বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেন, যার মধ্যে রয়েছে:
- সীমান্তে জমি হস্তান্তর নীতি ও OBC তালিকা সংশোধন
- ইমাম-মোয়াজ্জেম ভাতা বাতিল এবং গো-সুরক্ষা নীতি
- মহরমের মিছিলে তলোয়ার ও অন্যান্য অস্ত্র প্রদর্শনে কঠোর নিষেধাজ্ঞা
ইউসিসি (UCC) ও আগামী পরিকল্পনা
অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “খুব শীঘ্রই UCC আসছে। এক দেশ, এক রাজ্য, এক আইন।”
তিনি আরও যোগ করেন, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দুটি মূল কাজ এখনও বাকি রয়েছে— ধর্ম পরিবর্তন ও জমি কেনাবেচা সংক্রান্ত নতুন আইন আনা, যা তিনি দ্রুত বাস্তবায়ন করবেন। আগামী তিন মাসের মধ্যে জঙ্গলমহলের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।