প্রধান বিচারপতির মন্তব্য বিকৃত! কি পদক্ষেপ নিতে চলেছে শীর্ষ আদালত?
বার্তা ডেস্কঃ
আদালতের কার্যপ্রণালীর ভিডিও চালাকির সঙ্গে এডিট করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্র ও সিবিআইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জবাব তলব করেছে শীর্ষ আদালত। গত ১৫ মে মামলার শুনানিকালে ভুয়ো আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতির করা একটি মন্তব্যকে কেন্দ্র করে এই গোটা বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং মুনাফা অর্টাতে সেই মন্তব্য বিকৃত করে সোশাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।
আইনজীবী রাজা চৌধুরীর দায়ের করা এই জনস্বার্থ মামলায় বলা হয়েছে, আদালতের কার্যবিবরণীর অংশবিশেষ ইচ্ছাকৃতভাবে কেটে কুপ্রচারে ব্যবহার করা হচ্ছে, যা জনমানসে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। এর জেরে পরবর্তীতে ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি দলও তৈরি হয়। এই ধরনের সাইবার অপপ্রচার এবং বাণিজ্যিক ফায়দা লোটার প্রবণতা রুখতে কঠোর পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর জবাব তলব করেছে।