লালকেল্লায় ঐতিহাসিক চমক! প্রথমবার জাতীয় মঞ্চে বাজবে বন্দে মাতরম্
বার্তা ডেস্কঃ
আসন্ন স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লার সরকারি অনুষ্ঠানে বড় পরিবর্তন আনছে প্রতিরক্ষামন্ত্রক। এই প্রথমবার পতাকা উত্তোলনের পর ঐতিহ্যবাহী সূচি বদলে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর আগে গাওয়া হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানটির ১৫০ বছর পূর্তি উপলক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে ১৯০ সেকেন্ডে গানটির ছয়টি স্তবক পরিবেশন করা হবে। পাশাপাশি, এ বারের অনুষ্ঠানের মূল থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘যুব শক্তি’কে। দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা ও অবদানকে সামনে রেখেই এই বিশেষ ভাবনা।
এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ১৯ জন কৃতী পড়ুয়া এবং দিল্লির বিভিন্ন সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা। অন্যদিকে, সরকারি প্রোটোকল মেনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবং ক্যাবিনেট মন্ত্রীদের ঠিক পরেই তাঁর বসার আসন নির্ধারিত হয়েছে। নতুন এই সূচি, যুব শক্তির জয়গান এবং বিশেষ অতিথিদের উপস্থিতি মিলিয়ে এবারের স্বাধীনতা দিবসের উদযাপন ঐতিহাসিক মাত্রা পেতে চলেছে।