শালবনী জমি মামলায় সিআইডি দপ্তরে টানা পাঁচ দিন জেরার মুখে অভিষেকের আপ্তসহায়ক!
বার্তা ডেস্কঃ
শালবনীর জমি দুর্নীতি মামলায় ফের সিআইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। গত কয়েক দিন ধরে একটানা ভবানী ভবনে তলব করে তাঁকে দীর্ঘ জেরা করছেন তদন্তকারীরা। শালবনী মামলার পাশাপাশি গত সোমবার ডেবরা থানায় দায়ের হওয়া চাকরি দেওয়ার নামে প্রতারণার অপর একটি মামলাতেও তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার গ্রেফতারির পরই তদন্তে সুমিত রায়ের নাম সামনে আসে।
এই আইনি জটিলতার মধ্যে নিজের বিরুদ্ধে রুজু হওয়া একাধিক এফআইআর-এর বৈধতা ও নোটিসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। তাঁর আইনজীবীদের দাবি, এই পদক্ষেপগুলি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও স্বেচ্ছাচারী। তবে বর্তমানে শালবনী মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় আদালতের নির্দেশ মেনে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন তিনি এবং নিয়মিত সিআইডি দফতরে হাজিরা দিয়ে চলেছেন।