৯ বছরের প্রেম পূর্ণতা পেল, অবশেষে রোনাল্ডোর আংটি পরলেন জর্জিনা!
বার্তা ডেস্কঃ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার পর্তুগালের কাসকাইস শহরে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রড্রিগেজের সঙ্গে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন সিআর সেভেন। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আংটি পরা হাতের ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবরটি জানান তিনি।
২০২৫ সালের ১১ আগস্ট ইনস্টাগ্রামে নিজেদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন জর্জিনা। এর পর থেকেই এই তারকা জুটির বিয়ে নিয়ে ফুটবল বিশ্বে তৈরি হয়েছিল তুমুল কৌতূহল। প্রায় ৯ বছর ধরে একসাথে থাকলেও বিয়ে নিয়ে কখনও তাড়াহুড়ো দেখাননি রোনাল্ডো। বারবারই বলেছেন—সঠিক সময় এলেই তারা এই পদক্ষেপ নেবেন। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ।
রোনাল্ডো ও জর্জিনার সংসারে রয়েছে ৫টি সন্তান—৯ বছরের যমজ ইভা মারিয়া ও মাতেও, ৮ বছরের আলানা, ৪ বছরের বেলা এবং ১৬ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। (উল্লেখ্য, ২০২২ সালে বেলার সাথে তার জমজ ভাই অ্যাঞ্জেল জন্মগ্রহণ করলেও মর্মান্তিকভাবে মারা যায় সে)।
এক সাক্ষাৎকারে রোনাল্ডো নিজেই স্বীকার করেছিলেন, সম্পর্কের শুরুতে তিনি ভাবতেও পারেননি এই বন্ধন এতটা গভীর হবে। কিন্তু সময়ের সাথে সাথে জর্জিনার ভালোবাসা তাকে সম্পূর্ণ বদলে দেয়। এক অভিনব উপায়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিআর সেভেন, যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন জর্জিনাও। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রোনাল্ডো-জর্জিনার নতুন জীবন।