নিম্নচাপের কোপে ভাসবে বাংলা, কোন কোন জেলায় জারি চরম লাল সতর্কতা!

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এবং বৃহস্পতিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে চরম ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কুড়ি সেন্টিমিটার ছাড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা বহাল রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং রবিবার নাগাদ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। নিম্নচাপের এই প্রভাবে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতিকূল আবহাওয়ায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *