১৭ দিনেই অঘটন! নতুন উচ্চশিক্ষা সচিব দীপ্তি গৌর মুখার্জি
বার্তা ডেস্কঃ
দেশের শিক্ষা প্রশাসনিক শীর্ষস্তরে আকস্মিক রদবদল। দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো উচ্চশিক্ষা সচিব নরেশ পাল গঙ্গওয়ারকে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ১৯৯৩ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা দীপ্তি গৌর মুখার্জিকে। সোমবার মধ্যরাতে কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানায়।
উল্লেখ্য, নিটের প্রশ্ন ফাঁস, সোমন ওয়াংচুকের অনশন ও লাগাতার রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে দেশের শিক্ষাঙ্গন। দীর্ঘ ছাত্র ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করতেই প্রশাসনিক আমূল পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার।
কে এই দীপ্তি গৌর মুখার্জি? দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে আইএএস দীপ্তি গৌর মুখার্জির। মধ্যপ্রদেশ সরকারের মুখ্যসচিব হিসেবে ৪ বছরেরও বেশি সময় সফলভাবে কাজ করেছেন তিনি। পাশাপাশি সামলেছেন রাজ্য ও কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের শীর্ষ পদ। সম্প্রতি তিনি কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে থাকা অবস্থায় ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র বাস্তবায়নে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
১৯৬৯ সালে উত্তরপ্রদেশে জন্ম নেওয়া দীপ্তি শিক্ষাগত যোগ্যতায় অত্যন্ত উজ্জ্বল। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর লন্ডনের বিখ্যাত ‘লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স’ থেকে পাবলিক ম্যানেজমেন্ট ও গভর্নেন্সে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহসূত্রে ‘বাঙালি বধূ’।
শিক্ষাঙ্গনের এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে, প্রশাসনিক তৎপরতা বজায় রাখতে এবং কঠোর অনুশাসন ফেরাতে কেন্দ্র শেষ পর্যন্ত ৩৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই আমলার ওপরই আস্থা রাখল।