স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর, পলাতক প্রেমিক!
বার্তা ডেস্কঃ
স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মর্মান্তিক পরিণতি হল ২৮ বছরের যুবক প্রদীপের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ থানার গেদে মোড় এলাকায়। মঙ্গলবার রাতে প্রদীপ হালদার নামের ওই যুবক বিড়ি কিনতে গেলে স্ত্রীর প্রেমিক জয়ন্ত পাল ও তার মা যমুনা পাল তাঁকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, পাশের একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে ধারালো হাঁসুয়া দিয়ে প্রদীপের গলায় কোপ মারে জয়ন্ত। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে গ্রামীণ হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পেশায় সেন্টারিং শ্রমিক প্রদীপ কাজের সূত্রে বাইরে থাকার সুযোগে প্রতিবেশী জয়ন্তের সঙ্গে তাঁর স্ত্রীর ঘনিষ্ঠতা তৈরি হয়, যা নিয়ে পরিবারে চরম অশান্তি চলছিল। মঙ্গলবার রাতের এই নৃশংস হামলায় প্রদীপকে বাঁচাতে গিয়ে এক স্থানীয় যুবকও জখম হন। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত জয়ন্ত পাল পলাতক। তবে খুনে প্ররোচনা দেওয়ার অভিযোগে যমুনা পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মূল অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।