জমি বিক্রির অভিযোগে রণক্ষেত্র চাঁচল, বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ!
বার্তা ডেস্কঃ
জমি বিক্রির পুরোনো মামলায় চাঁচল থানায় হাজিরা দিতে এসে চরম বিক্ষোভের মুখে পড়লেন রতুয়ার প্রবীণ তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। বুধবার দুপুরে থানা চত্বরে পৌঁছামাত্রই বিজেপি নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। সরকারি জমি কারচুপি করে বিক্রির অভিযোগে এদিন থানা চত্বরেই বিধায়ক ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা বেধে যায়। বিজেপির অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যান থাকাকালীন বিধায়ক নিয়মবহির্ভূতভাবে জমি বিক্রি করেছেন। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মার দাবি, বিধায়ক অনৈতিকভাবে সমবায় সমিতির জমি বিক্রি করেছেন। যদিও এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সমর মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো যোগ নেই এবং তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। বিধায়কের পাল্টা দাবি, থানা থেকে বের হওয়ার সময় তাঁকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে, তিনি কাউকে হুমকি দেননি। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সহযোগীদের সহায়তায় দ্রুত এলাকা ত্যাগ করেন তিনি। তবে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।