কাফ সিরাপ ও টাকার টোপ নিয়ে গেরুয়া শিবিরে তীব্র দ্বন্দ্ব!
বার্তা ডেস্কঃ
কোচবিহারের দিনহাটায় একটি স্কুলমাঠে আটকে পড়া ট্রাক থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পেকেছে। বুধবার সকালে পুঁটিমারি এলাকায় কাদা-জলে ফেঁসে যাওয়া উত্তর প্রদেশ নম্বরের একটি ট্রাক ঘিরে সন্দেহ দানা বাঁধে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতাদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমেন্টের বস্তার আড়ালে লুকিয়ে রাখা প্রায় ছপ্পান্ন লক্ষ টাকার ২৫ হাজার ৬৫০টি ফেন্সিডিল বা কাফ সিরাপের বোতল উদ্ধার করে। তবে এই মাদক উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উদ্ধার হওয়া ওই ট্রাক ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে ক্ষমতার লড়াই ও কোন্দল। স্থানীয় এক বুথ সভাপতির সরাসরি অভিযোগ, পুরো বিষয়টি ধামাচাপা দিতে তাঁকে দশ হাজার টাকার আর্থিক প্রলোভন দেখানো হয়। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখতে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ রয়েছে জানিয়ে তাঁকে চাপ দেওয়া হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে। যদিও এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই বলে দাবি করেছেন বিজেপি মণ্ডল সভাপতি ও স্থানীয় বিধায়ক। ঘটনার নেপথ্যের আসল সত্য উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।